images

খেলা / ক্রিকেট

বিদেশ থেকে এসে না পৌঁছানোর কারণে ট্রফি ছাড়াই শুরু বিপিএল

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৪:২০ পিএম

নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলেও উদ্বোধনী দিনে মাঠে দেখা যায়নি টুর্নামেন্টের ট্রফি, যা নিয়ে আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। 

টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নেতিবাচক আলোচনায় আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন বয়কট করেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও পরে অভিমান ভেঙে তারা আবার দলে যোগ দেন।

শুরুর দিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও ‘নিরাপত্তাজনিত কারণে’ তা বাতিল করে বিসিবি। পরে জানানো হয়, প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।

আজ বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হাজারো বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে সব আয়োজনের মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় আসে বিপিএলের ট্রফি। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে ট্রফি প্রদর্শনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়, সেখানে বিপিএলে তা দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রফিটি বিদেশ থেকে আনার কথা থাকলেও এখনো দেশে পৌঁছায়নি। এ কারণেই ক্যাপ্টেনস ডে আয়োজনও করা সম্ভব হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ শেষে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে ৪৫ মিনিটব্যাপী এই আয়োজন শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

আরও পড়ুন
LIT._copy

বিপিএলে হাদির জন্য ১ মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

এদিকে এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি-বিদেশি জনপ্রিয় কণ্ঠগুলো। ধারাভাষ্যকারদের প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

আরটিভি/এসকে