শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির মাঝপথে দলবদল ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেশে ফেরায় মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে নতুন পেসার দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য মুস্তাফিজ ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। তবে ২৪ ডিসেম্বর তার দলের ম্যাচ থাকায় সেই ম্যাচ খেলেই পরদিন দেশে ফেরেন বাঁহাতি এই পেসার। বিপিএলের ব্যস্ত সূচির কারণে এরপর আর আইএল টি-টোয়েন্টিতে ফেরা হয়নি তার।
মুস্তাফিজের পরিবর্তে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিয়েছেন আমাদের জিএসএল তারকা কলিম সানা।
আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দেই ছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্ট ছাড়ার সময় তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫টি উইকেট নেন এই বাংলাদেশি পেসার।
এদিকে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এখনো পর্যন্ত রংপুর তাদের ম্যাচ শুরু করেনি। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সরা।
আরটিভি/এসকে