সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৩ পিএম
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগের মতোই কদর রয়েছে সাকিবের। বর্তমানে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। একই টুর্নামেন্টে খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদও।
আইএল টি-টোয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্জের জার্সিতে খেলে দেশে ফিরে বিপিএলে যোগ দিয়েছেন। প্রতিপক্ষ দলে খেললেও সাকিব-তাসকিনের মধ্যে কুশল বিনময় এবং কথোপকথন হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিপিএলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সেই বিষয়ে কথা বলেছেন তিনি। তার মতে, সাকিবকে সবাই পেতে চায়।
তাসকিন বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে টি-টেনে ২ দিন, আইএল টি-টোয়েন্টিতে ২ দিন দেখা হয়েছিল। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে। সাকিব ভাইয়েরা আবু ধাবিতে ছিলেন, আমরা দুবাইতে ছিলাম। মাঠের বাইরে দেখা হয়নি। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। জাতীয় দলে খেলার মতো ফিটনেস সাকিবের এখনও আছে কিনা, সেই প্রশ্ন করা হয় তাসকিনকে।
জবাবে তিনি বলেন, সাকিব ভাইয়ের এখন ফিটনেসের চেয়েও বড় জিনিস গেম অ্যাওয়ারনেস। যেকোনো দলের ওপর এটার অনেক প্রভাব আছে। অনেক অভিজ্ঞ, ৪০০ ওপর টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়। যেকোনো দলের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ দলের বিষয়টা আমার নিয়ন্ত্রণে নেই। তবে তার মতো খেলোয়াড়কে সবাই পেতে চায়।
আরটিভি/এসআর