images

খেলা / অন্যান্য

ব্যাডমিন্টন কোর্টে মানুষকে হারিয়ে রোবটের বিশ্বরেকর্ড

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০১:১৮ পিএম

ব্যাডমিন্টন কোর্টে তুমুল উত্তেজনা, তবে প্রতিপক্ষ মানুষ নয় চার চাকার একটি রোবট। চীনে অনুষ্ঠিত এমনই এক ব্যতিক্রমী ব্যাডমিন্টন ম্যাচে মানব খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে একটি রোবট, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছে।

চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে আয়োজিত এ ম্যাচে রোবটটি টানা ১ হাজার ৪৫২ বার সফলভাবে শাটলকক ফিরিয়ে দিয়ে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করে। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এটিকে মোবাইল রোবটের মাধ্যমে বিরতিহীন সর্বোচ্চ ‘কাউন্টার হিট’-এর রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ম্যাচে রোবটটির বিপক্ষে খেলেন চীনের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যারা শাটলকক সরবরাহ ও সমন্বয়ের কাজে সহায়তা করেন। দীর্ঘ সময় ধরে কোনো ভুল না করে শট ফিরিয়ে দিয়ে রোবটটি দর্শকদের বিস্মিত করে।

রোবটটি তৈরি করেছে ঝেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি। আয়োজকদের মতে, এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ভিশন সিস্টেম ও গতিনিয়ন্ত্রণ প্রযুক্তি। রোবটটি শাটলককের গতি ও দিক তাৎক্ষণিকভাবে শনাক্ত করে মিলিসেকেন্ডের মধ্যেই প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

আরও পড়ুন
IPL

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার ২ তারকা

ব্যাডমিন্টন কোর্টে মানুষ ও রোবটের এমন নিখুঁত সমন্বয় প্রযুক্তির অগ্রগতিকে নতুনভাবে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য খেলাধুলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।

আরটিভি/এসকে