images

খেলা / ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে অনন্য মাইলফলকে মুস্তাফিজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ১১:২৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন এক ইতিহাস গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক রেকর্ড গড়েন এই বাঁহাতি পেসার।

এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে দ্রুততম ৪০০ উইকেট নেওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন মুস্তাফিজ। মাত্র ৩১৫ ম্যাচ খেলেই তিনি এই মাইলফলকে পৌঁছান, যা বাংলাদেশের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে দ্রুততম। এর আগে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।

তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখনো সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার সংগ্রহ ৫০৭ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাকিব আল হাসানের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন সেরা দশে।

আরও পড়ুন
riyad

রিয়াদ–খুশদিলের ঝড়ে বড় ব্যবধানে জিতল রংপুর

এই তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৬৮৫ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে। তিন নম্বরে আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিন, যার ঝুলিতে রয়েছে ৬০৮ উইকেট। আর ৫৭০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির।

মুস্তাফিজের এই রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে নতুন করে গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

আরটিভি/এসকে