শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৬:২৮ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে ছাড়ার ঘোষণা দিয়েছে কলকাতা কর্তৃপক্ষ।
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসরণ করে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএলের নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটার নেওয়ার অনুমোদনও পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ক্রিকেটের গণ্ডি পেরিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটীয় বিষয়ে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত কয়েক মাসে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কেও কিছুটা অবনতি হয়েছে—এমন আলোচনা থাকলেও এতদিন তা প্রকাশ্যে আসেনি। তবে মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনায় সেই অবনতির বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতের এই সিদ্ধান্তের পর ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি ভারত একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? বাংলাদেশি সমর্থকদের এই প্রশ্নকে একেবারে অযৌক্তিক বলা যাচ্ছে না।
মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার কয়েক ঘণ্টা পার হলেও এখনো তার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে এই ঘটনার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে নতুন করে ভাবতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরে গ্রুপ পর্বে বাংলাদেশ দলের ম্যাচ রয়েছে দুই দেশেই। মুস্তাফিজ ইস্যুর প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।
আরটিভি/এসকে