images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপের দল দিয়েছে পাকিস্তান, বাদ তারকা পেসার

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৬:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ছিল ১ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের প্রাথমিক স্কোয়াড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। তবে এখনো সেই স্কোয়াড প্রকাশ করেনি পাকিস্তান।

এখন পর্যন্ত সব দলই তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলে স্কোয়াডে পরিবর্তনের জন্য আইসিসির টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

পিটিআইয়ের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন ইনজুরিতে থাকা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি, সাবেক অধিনায়ক বাবর আজম এবং অলরাউন্ডার শাদাব খান।

কাঁধের ইনজুরির কারণে গত বছরের মে মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা শাদাব খান সম্প্রতি বিগ ব্যাশ লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। তাকে ৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখা হয়েছে। ওই সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দলের বড় অংশ চূড়ান্ত করবেন নির্বাচকরা।

এদিকে, বিগ ব্যাশ লিগ চলাকালে হাঁটুর ইনজুরিতে পড়েছেন ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। তার সুস্থতার ওপরই নির্ভর করছে বিশ্বকাপ স্কোয়াডে তার চূড়ান্ত অন্তর্ভুক্তি। অন্যদিকে, ফাস্ট বোলার হারিস রউফকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুন
mustafizur-rahman

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি বাংলাদেশ? 

প্রাথমিক দলে আরও রয়েছেন রহস্যময় স্পিনার উসমান তারিক ও আবরার আহমেদ, অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ, ব্যাটার সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, নাসিম শাহ, উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং সালমান আলী আগা।

আরটিভি/এসকে