images

খেলা / ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দেওয়ায় জিতেছে ভারতের হিন্দুরা: সঙ্গীত সোম

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৮ পিএম

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতে উত্তেজনা বেড়ে গেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই ঘটনায় বিদ্বেষের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। 

হুমকি-ধামকি ও রাজনৈতিক চাপের কারণে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই দাবিকে গুরুত্ব দিয়ে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য করে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও ধর্মীয় গুরুরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিজেপির নেতা সঙ্গীত সোম এই পদক্ষেপকে ‘ভারতের হিন্দুদের জয়’ বলে অভিহিত করেছেন। 

তিনি বলেন, ভারতের ১০০ কোটি সনাতন ধর্মালম্বীদের আবেগ মাথায় রেখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে, এজন্য ধন্যবাদ। এটা পুরো ভারতের হিন্দুদের জয়।

উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারের কাছে অগ্রহণযোগ্য।

সঙ্গীত সোম শাহরুখ খানকে দেশদ্রোহী উল্লেখ করে বলেছেন, শাহরুখ খান বুঝতে পেরেছেন ভারতের সনাতন ধর্মের বিরুদ্ধে গিয়ে তাকে কোনো লাভ নেই। সেই ধর্মই তাকে শাহরুখ খান বানিয়েছে।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও সরব হন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেই দেশের একজন খেলোয়াড়ের আইপিএলে খেলা মেনে নেওয়া যায় না।

শাহরুখ খানকে ‘হৃদয়হীন’ এবং ‘নির্দয়’ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও অভিযোগ করেন যে, কেকেআর মালিক শাহরুখ এখনো হিন্দুদের পাশে দাঁড়াননি, যা খুবই বেদনাদায়ক।

আরও পড়ুন
ashraful

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল বয়কট করা নিয়ে যা বললেন আশরাফুল

এই ধরনের পদক্ষেপ ও উত্তেজনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ ক্রিকেট ও রাজনৈতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এসকে