সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ১০:১২ এএম
অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সেঞ্চুরির স্বাদ পাননি ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তবে চলমান অ্যাশেজেই বদলে গেল সেই গল্প। ইতোমধ্যে দুটি শতক হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৪১তম শতক পূর্ণ করেন রুট। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে স্পর্শ করলেন ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটার। পন্টিংয়ের টেস্ট শতকের সংখ্যাও ৪১টি।
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় রুটের ওপরে এখন কেবল দু’জন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা নন, বরং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫টি) ও ভারতের শচীন টেন্ডুলকার (৫১টি)।
প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ৭২ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিনের সকালে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ বলেই নিজের ৪১তম টেস্ট শতক পূর্ণ করেন রুট। শেষ পর্যন্ত ২৪২ বল মোকাবিলায় ১৬০ রান করে আউট হন তিনি। তার এই ইনিংসের ওপর ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রানে গুটিয়ে যায়।
এই শতকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের শতকের সংখ্যা দাঁড়াল ৬০-এ। তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো ইতিহাসের মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রুটের ওপরে রয়েছেন কেবল ভারতের বিরাট কোহলি, যার শতকের সংখ্যা ৮৪।
সিডনির এই ইনিংসে আরেকটি উল্লেখযোগ্য অর্জনও ছুঁয়ে ফেলেছেন রুট। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৭তম দেড়শ রানের বেশি ইনিংস, যা টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। এই তালিকায় তার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার (২০), ব্রায়ান লারা (১৯) ও কুমার সাঙ্গাকারা (১৯)।
এই শতকের পর টেস্ট ক্রিকেটে রুটের মোট রান সংখ্যা পৌঁছেছে প্রায় ১৪ হাজারের কাছাকাছি। শচীন টেন্ডুলকার তার ২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩২৯ ইনিংসে সংগ্রহ করেছিলেন ১৫ হাজার ৯২১ রান। বর্তমানে রুটের সঙ্গে শচীনের ব্যবধান নেমে এসেছে দুই হাজারেরও কম রানে।
আরটিভি/এসকে