সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০১:০৮ পিএম
আসন্ন আইপিএল টুর্নামেন্টে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ক্রিকেট বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এবং মুস্তাফিজ ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেছেন।
শশী থারুর বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ থেকে সন্ত্রাসী পাঠানো হয়নি, তাই এই পরিস্থিতি পাকিস্তান-ভারত সম্পর্কের মতো নয়। দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভিন্ন এবং কূটনৈতিক স্তরও আলাদা।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিন্দনীয় এবং খেলাধুলায় অপ্রয়োজনীয় রাজনীতি প্রবেশ করানো হয়েছে। যেহেতু বিসিসিআই নিজেই মুস্তাফিজকে যোগ্য খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে, তাই কেকেআরের তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
শশী থারুর আরও যোগ করেন, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। মুস্তাফিজ কোনো ঘৃণাসূচক বা বিতর্কিত মন্তব্য করেননি, তিনি শুধুমাত্র একজন ক্রীড়াবিদ। তাকে নিশানা করা হচ্ছে যা অন্যায়। এই সিদ্ধান্ত দ্রুত, সামাজিক যোগাযোগমাধ্যমের চাপেই নেওয়া হয়েছে যা আমাদের জাতীয় মর্যাদা ও কূটনীতিকে ক্ষুণ্ন করছে।
তিনি পুরো বিষয়টিকে ‘হাস্যকর’ এবং ‘অবিবেচিত’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন, যা ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংস্কৃতির ক্ষতি করছে।
আরটিভি/এসকে