images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপ থেকে বাংলাদেশের ম্যাচ সরানো নিয়ে জটিলতায় আইসিসি

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০১:৪৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ বিবেচনায় নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিষয়টি সহজ নয়। একাধিক লজিস্টিক ও বাস্তব জটিলতার কারণে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো এ বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, সূচি পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের পরিকল্পনাগত জটিলতা রয়েছে। সব দিক বিবেচনায় নিয়েই আইসিসি সিদ্ধান্ত নেবে। সে কারণে দ্রুত কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাসের মতো সময় বাকি থাকায়, শুধু বাংলাদেশের ম্যাচ নয় একাধিক দলের সূচিতেই পরিবর্তন আনতে হতে পারে, যা বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠতে পারে। এই বাস্তবতাই বিসিবিকে ব্যাখ্যা করতে পারে আইসিসি।

বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এর মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সূচি পরিবর্তন হলে শুধু গ্রুপ পর্ব নয়, সুপার এইট কিংবা পরবর্তী ধাপেও বড় ধরনের রদবদলের প্রয়োজন হতে পারে। বাংলাদেশ যদি সুপার এইটে ওঠে বা আরও এগোয়, তাহলে পুরো টুর্নামেন্টের কাঠামো নতুন করে সাজাতে হতে পারে। এতে দর্শকদের ভ্রমণ পরিকল্পনা, টিকিট বিক্রি ও সম্প্রচার সূচিতেও প্রভাব পড়বে।

ক্রিকবাজ আরও জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে আইসিসির অভ্যন্তরীণ বৈঠক হতে পারে। আইসিসির একাংশের মতে, এটি মূলত বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয়, এত দেরিতে আইসিসিকে সম্পৃক্ত করা ঠিক নয়। তবে আইসিসি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিসিবিকে বাস্তব সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করবে বলেই ধারণা করা হচ্ছে।

এই ইস্যুতে দুই দেশের সরকারের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিসিসিআই সাধারণত বড় সিদ্ধান্তে ভারতের কেন্দ্রীয় সরকারের পরামর্শ নিয়ে থাকে। ফলে বিসিবির অনুরোধের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বাংলাদেশ সফর এই ইস্যুর সঙ্গে যুক্ত কি না তা নিয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এই পরিস্থিতির পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার অনুমতি না পাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বিষয়টি। ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে বিসিসিআই তাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের ধারণা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ‘কথিত’ অভিযোগ এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ভারতে যেতে রাজি নয়। বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভায় সাম্প্রতিক পরিস্থিতি, দলের নিরাপত্তা ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
IPL

দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল ভারতে ভ্রমণ করবে না।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বিসিবির আশা, আইসিসি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে, যাতে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা যায়।

আরটিভি/এসকে