images

খেলা / ক্রিকেট

খালেদা জিয়ার স্মরণে মোহামেডানে দোয়া মাহফিল

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ১০:৩২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধায় সিক্ত হলো দেশের ক্রীড়াঙ্গন। দেশের খেলাধুলার উন্নয়নে তার অনবদ্য অবদান স্মরণে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এই মাহফিলে দেশের প্রথিতযশা ক্রীড়াবিদ, সংগঠক এবং বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেন। এদিন অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং মোহামেডান ক্লাবের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া বেগম জিয়ার স্মৃতি চারণ করেন। 

তিনি বলেন, খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, ক্রীড়াঙ্গনের প্রতি তার ছিল গভীর আন্তরিকতা। ১৯৯৮ সালে একটি পারিবারিক অনুষ্ঠানে মোহামেডান ক্লাবে তার উপস্থিতির স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন।

আরও পড়ুন
image-310438-1737816587

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে যা বলছে বিসিবি

মোহামেডান ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী ফালু জানান, খালেদা জিয়ার শাসনামলেই এই ক্লাবের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সময় রাজনৈতিক অস্থিরতা থাকলেও টুর্নামেন্টের স্বার্থে খালেদা জিয়া অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি তুলে ধরেন।

তিনি বলেন, সাফ জয়ের পর তিনি জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে ৫ কাঠা করে জমি উপহার দিয়েছিলেন, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক বিরল ও অনন্য সম্মাননা।

অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে যুব ও ক্রীড়া খাতে পেশাদারিত্বের সূচনা হয়েছিল এবং বড় বড় আন্তর্জাতিক আসর আয়োজনের সাহস তৈরি হয়েছিল। মোহামেডান ক্লাবের সদস্য ও সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত খেলার খোঁজ নিতেন, যা সংগঠকদের জন্য বড় অনুপ্রেরণা ছিল।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়া জগতের দিকপালরা।

তাদের মধ্যে ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, বাফুফের সাবেক সভাপতি এস এ সুলতান, ফুটবল তারকা সৈয়দ রুম্মন সাব্বির, শফিকুল ইসলাম মানিক, ক্রিকেট ব্যক্তিত্ব মাহবুব আনাম, সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, নারী ক্রীড়াঙ্গনের অগ্রদূত কামরুন নাহার ডানা এবং হকি তারকা রাসেল মাহমুদ জিমি।

আরটিভি/এসআর