images

খেলা / ক্রিকেট

মুস্তাফিজ ইস্যুতে সরকারের প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মতো: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৫:১০ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সরকারের এই পদক্ষেপকে নিউটনের সূত্রের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল অ্যাকশন ও রিঅ্যাকশন। এইটাই বললাম।

নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। সোমবার (৫ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তিনি স্পষ্ট করে বলেন, এই সমস্যার সূত্রপাত বাংলাদেশ করেনি। এমন নয় যে দয়া-দাক্ষিণ্য করে মুস্তাফিজকে নেওয়া হয়েছিল। সে একজন ভালো খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড়। যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এটি দুই দেশের কারও জন্যই ভালো হয়নি, বলেন তিনি।

আরও পড়ুন
tanjim

মুস্তাফিজ ইস্যুতে যা বললেন তানজিম সাকিব

তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ও বলিষ্ঠ। তবে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এটি সরকার চায় না। উদাহরণ টেনে ড. সালেহউদ্দিন বলেন, হিটলারের সময়ও অলিম্পিক হয়েছে। আমরা চাই না রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হোক।

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি ক্রিয়া-প্রতিক্রিয়ার অংশ হিসেবেই দেখার আহ্বান জানান।তিনি বলেন, ডেকে নিয়ে আমাদের খেলোয়াড় প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি যথাযথ। ভারতকেও এই সিদ্ধান্ত ভাবাচ্ছে।

আরটিভি/এসকে