images

খেলা / ক্রিকেট

মুস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপি নিয়ে যে সিদ্ধান্ত

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৫:৩০ পিএম

২০২৫ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলেও কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না মুস্তাফিজ এমনই ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আইপিএল সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র দরকষাকষির পর মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং কিছু উগ্রপন্থী নেতার হুমকি-ধামকির প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে কোনো শৃঙ্খলাভঙ্গ, চোট বা তার ব্যক্তিগত সিদ্ধান্ত জড়িত ছিল না। বরং পুরো বিষয়টি ছিল প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ফল। তবুও কেন তিনি অর্থনৈতিক ক্ষতিপূরণ পাচ্ছেন না এ নিয়েই চলছে আলোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল সংশ্লিষ্ট সূত্র পিটিআইকে জানায়, আইপিএলের খেলোয়াড়দের বেতন সাধারণত বিমার আওতায় থাকে। তবে এই বিমা মূলত চোট বা টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটীয় কারণে খেলতে না পারার ক্ষেত্রে প্রযোজ্য। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ পাওয়া যেতে পারে। ভারতের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের ক্ষেত্রে বিসিসিআই সরাসরি অর্থ দেয়।

কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। কারণ তাকে ক্রিকেটীয় বা শারীরিক কারণে নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। ফলে চুক্তিগতভাবে কেকেআরের কোনো অর্থ পরিশোধের বাধ্যবাধকতা নেই।

ওই সূত্র আরও জানায়, বর্তমান আইপিএল বিমা কাঠামোর আওতায় এই পরিস্থিতিতে দাবি তোলার সুযোগ নেই। আইনি পথে যাওয়াই হতে পারে একমাত্র বিকল্প। তবে আইপিএল ভারতীয় আইনের অধীনে পরিচালিত হওয়ায় কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এমন আইনি ঝুঁকি নিতে আগ্রহী হন না। এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার সম্ভাবনাও খুব কম।

আরও পড়ুন
musta-nd-saleh

মুস্তাফিজ ইস্যুতে সরকারের প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মতো: অর্থ উপদেষ্টা

বিশ্লেষকদের মতে, ভারত–বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক সম্পর্কও আইনি পদক্ষেপ নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ভারত–বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক কখনো কখনো ভারত–পাকিস্তান সম্পর্কের চেয়েও বেশি অনিশ্চিত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কেউই বড় আইনি ঝুঁকি নিতে চাইবে না।

সব মিলিয়ে, রেকর্ড দামে নিলামে দল পেলেও রাজনৈতিক বাস্তবতায় আর্থিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান এমনটাই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে।

আরটিভি/এসকে