মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৫:৫২ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা এবার রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) তারা মোট পুরস্কার তহবিল ১৬ শতাংশ বৃদ্ধি করে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার) ঘোষণা করেন।
পুরুষ ও নারী একক চ্যাম্পিয়নরা এবার প্রত্যেকে ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পাবেন। যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। এছাড়া, প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রাও দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার (১,৫০,০০০) করে পাবেন। বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়রাও ৪০,৫০০ ডলার পান।
টুর্নামেন্ট পরিচালক ক্রেগ টাইলে বলেন, এই পদক্ষেপ টেনিস অস্ট্রেলিয়ার সকল স্তরের খেলোয়াড়দের ক্যারিয়ারকে সহায়তা করার অঙ্গীকারের প্রতিফলন। তিনি জানান, ২০২৩ সাল থেকে বাছাইপর্বের পুরস্কার ৫৫ শতাংশ বৃদ্ধি এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নত করার মাধ্যমে তারা নিশ্চিত করতে চান পেশাদার টেনিস প্রতিযোগীদের জন্য টেকসই ও আকর্ষণীয় থাকবে।
অস্ট্রেলিয়ান ওপেন আগামী ১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হবে। এবারের শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবেন ইয়ানিক সিনার ও ম্যাডিসন কিস। এতে টেনিসপ্রেমীদের জন্য আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক একটি আসর হওয়ার প্রত্যাশা রয়েছে।
আরটিভি/এসকে