images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০১:১৩ পিএম

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ঘোষিত স্কোয়াডে তিন ক্রিকেটার পুনরায় দলে ফিরেছেন, যাদের মধ্যে রয়েছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। চোট সমস্যা থাকলেও দলে রাখা হয়েছে ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যানকে।

চোটাক্রান্ত ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোট পাওয়া খেলোয়াড়দের মাঠে ফেরানোর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং তারা বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন পেসার জ্যাকব ডাফি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার অ্যাডাম মিলনে, যিনি গত জুলাইয়ে সর্বশেষ কিউইদের হয়ে খেলেছিলেন। দলে রয়েছেন তারকা অলরাউন্ডার জেমস নিশাম। যদিও মূল দলে জায়গা পাননি কাইল জেমিসন, তবে তাকে ভ্রমণ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন বিশ্বকাপ দলে জায়গা পাননি। টপ অর্ডারে জায়গা না থাকায় তাকে বাদ পড়তে হয়েছে। ওপেনিং ও টপ অর্ডারের জন্য ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টকেই বেছে নেওয়া হয়েছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন সেইফার্ট, আর কনওয়ে থাকবেন ব্যাকআপ হিসেবে।

দল ঘোষণার পর কোচ রব ওয়াল্টার বলেন, সব সময়ের মতো স্কোয়াডের ভারসাম্যটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়ে শক্তি ও দক্ষতা দুটোই আছে, বোলিং ইউনিট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম, আর পাঁচজন অলরাউন্ডার রয়েছেন যাদের প্রত্যেকেই দলে আলাদা মাত্রা যোগ করে।

আরও পড়ুন
bcb_nd_icc_rtv

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। শক্তিশালী স্কোয়াড নিয়ে এবার শিরোপার লড়াইয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কিউইরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড : মিচেল স্যান্টনার(অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে ওয়েলিংটন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

রিজার্ভ: কাইল জেমিসন

আরটিভি/এসকে