বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০২:০৩ পিএম
আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। জবাবে নিরাপত্তাজনিত কারণগুলোর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, আমরা নিরাপত্তার কারণেই ভারতে খেলতে যেতে চাই না। আমাদের সঙ্গে মিডিয়া, সমর্থক, আয়োজক এবং তাদের পরিবার থাকে। যেখানে একজন বড় খেলোয়াড়ের নিরাপত্তা নিয়েই এত প্রশ্ন, সেখানে এত মানুষের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে নেব? সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে?
তিনি আরও বলেন, আমরা আমাদের দর্শক, মিডিয়া, আয়োজক ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। খেলোয়াড়রা মাঠে খেলবে—নিরাপত্তা নিয়ে ভাবলে তারা খেলবে কীভাবে? অতীতে শ্রীলঙ্কায় নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া না গিয়ে ওয়াকওভার দেওয়ার ঘটনাও আমাদের মনে আছে।
বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ আকবর জানান, আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতি চাই না। আমরা চাই আইসিসি একটি বাস্তবসম্মত সমাধানে আসুক। যেহেতু ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও ভারত রয়েছে, আমরা শ্রীলঙ্কাকে অগ্রাধিকার দিতে চাই। এ বিষয়ে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন।
আরটিভি/এসকে