images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন বুলবুল

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৬:১৭ পিএম

মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়ার ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সরাসরি জানিয়েছে বিসিবি।

আজ বুধবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশাপাশি উপস্থিত ছিলেন ফারুক আহমেদসহ বোর্ডের আরও কয়েকজন পরিচালক।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবি আবারও আইসিসির সঙ্গে আলোচনা করবে। বুলবুল বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবারও আইসিসিকে চিঠি দেওয়া হবে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটি পেয়েছি, তা পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে, তারা সেটি যথাযথভাবে অনুধাবন করতে পারেনি।

আরও পড়ুন
asif-nazrul

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি হওয়ায় এসব ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ ইতোমধ্যেই আইসিসিকে জানিয়েছে বিসিবি।

আরটিভি/এসকে