images

খেলা / ক্রিকেট

জয়ী রানটা আমিই করতে চেয়েছিলাম: খাজা

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৬:৫৭ পিএম

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে রূপকথার মতো বিদায় জানানোর সুযোগ থাকলেও সেটিকে বড় করে দেখেননি উসমান খাজা। বিদায়ী ম্যাচে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়কেই অগ্রাধিকার দিয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত সেটিই হয়েছে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৪–১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল খাজার ক্যারিয়ারের ৮৮তম ও শেষ টেস্ট। জয়ের পথে অপরাজিত থেকে ম্যাচ শেষ করার সুযোগ থাকলেও জশ টাংয়ের বলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান তিনি। তাতে জয়ী রানটা করা হয়নি খাজার, তবে দলের জয়েই সন্তুষ্ট তিনি।

ম্যাচ শেষে খাজা বলেন, জয়ী রানটা আমিই করতে চেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, শেষ ম্যাচে দল জিতেছে। সতীর্থদের সঙ্গে উদযাপন করতে পেরেছি এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের।

ব্যাট হাতে খুব একটা সফল না হলেও আবেগঘন বিদায় পেয়েছেন খাজা। মাঠে তাকে দেওয়া হয় গার্ড অব অনার ইংল্যান্ডের ক্রিকেটাররা দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে সম্মান জানান। প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে করমর্দনের পর দর্শকদের অভিবাদন নেন খাজা। হেলমেট ও গ্লাভস খুলে ব্যাট উঁচিয়ে ধরেন, তার আগে মাঠেই সিজদায় দেন তিনি।

বিদায়ী টেস্টে আবেগ সামলানো কঠিন ছিল বলে স্বীকার করেন খাজা। প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন তিনি। ম্যাচ শেষে বলেন, পুরো ম্যাচজুড়েই আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন ছিল। অনেক চেষ্টা করেছি, কিন্তু মনোযোগ ধরে রাখা সহজ ছিল না।

আরও পড়ুন
BCB

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

তবে ক্যারিয়ারের অর্জনে উজ্জ্বল খাজার নাম। অস্ট্রেলিয়ার হয়ে ৬ হাজারের বেশি টেস্ট রান করা মাত্র ১৬ জন ব্যাটারের একজন তিনি। করেছেন ১৬টি শতক। ওপেনার হিসেবে ৩ হাজারের বেশি রান করা অস্ট্রেলিয়ানদের মধ্যে তার গড় ৪৮.০৫ যা কেবল বব সিম্পসন, ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গারের চেয়ে কম।

দীর্ঘদিনের সতীর্থ উসমান খাজাকে প্রশংসায় ভাসিয়েছেন স্টিভেন স্মিথ। তিনি বলেন, ওর ক্যারিয়ার অসাধারণ। ১৫ বছর আগে এখানেই ওর অভিষেক দেখেছি। ড্রেসিংরুমে ওকে ভীষণভাবে মিস করা হবে।

আরটিভি/এসকে