images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন যা বলছে বিসিসিআই

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ০৫:০৭ পিএম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে প্রতিবেশি দেশটির সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।

এরপর এক বিবৃতিতে জানিয়েছে, তারা আইসিসি থেকে একটি জবাব পেয়েছে, যেখানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে সোমবার (১২ জানুয়ারি) ক্রিকবাজ জানিয়েছে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু বিবেচনা করছে।

প্রতিবেদনে বলা হয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু বিবেচনা করছে। তবে টাইগারদের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার সম্ভাবনা খুবই কম। বরং আগে নির্ধারিত ভেন্যু কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম) সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে।

আরও পড়ুন
asif-nazrul_20260110_152718653

নতি স্বীকার করবে না বাংলাদেশ, কড়া হুঁশিয়ারি আসিফ নজরুলের

তবে বার্তাসংস্থা আইএএনএসকে ভিন্ন কথা বলেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়ার সচিব দেবজিৎ সাইকিয়া। তার মতে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এখনো কোনো আপডেট পায়নি তারা।

আইএএনএসকে দেবজিৎ সাইকিয়া বলেন, বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়। এটি বিসিবি ও আইসিসির মধ্যকার যোগাযোগের বিষয়, কারণ আইসিসিই নিয়ন্ত্রক সংস্থা। 

তিনি আরও বলেন, যদি আইসিসি ভেন্যু পরিবর্তন নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তবে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বর্তমানে এ বিষয়ে আমরা কোনো তথ্যের অংশীদার নই।

সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে  ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

আরটিভি/এসআর