মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:৫২ এএম
রিয়াল মাদ্রিদ ক্লাব জাবি আলোনসোর বিদায়ের কয়েক মিনিটের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করেছে। মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে।
ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, আলভারো আরবেলোয়া এখন থেকে রিয়াল মাদ্রিদের প্রথম দলের নতুন কোচ। খেলোয়াড় হিসেবে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ ছিলেন।
আলবারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার ছিল গর্বের। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি রিয়ালের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন আটটি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ।
ক্লাব ছাড়াও জাতীয় দলের পক্ষ থেকেও তার কৃতিত্ব অসাধারণ। স্পেনের হয়ে খেলেছেন ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ এবং ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।
আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অভিষেক ম্যাচ হবে আগামী বুধবার। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে তার দল মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতের সঙ্গে।
আরটিভি/এসকে