বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০১:২০ পিএম
মুস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) চড়া দামে দল পেলেও খেলতে না পারায় বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে এই ইস্যুটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আরও ‘স্মার্টলি’ সামলাতে পারত বলেও মত দেন সাকিব।
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, বড় একটি নিলামের পর একজন খেলোয়াড়ের মাঠে নামতে না পারা নিঃসন্দেহে হতাশাজনক। সাকিব বলেন, অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে এটা খুবই হতাশার। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা দুঃখজনক একটা বিষয়।
মুস্তাফিজ ইস্যুতে বিসিবি কিংবা আইসিসির কিছু করার নেই বলেও মন্তব্য করেন সাকিব। তিনি স্মরণ করিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিজ নিজ নিয়মে পরিচালিত হয় এবং আয়োজক দেশের নিয়মই সেখানে চূড়ান্ত।
সাকিবের ভাষায়, যে দেশে টুর্নামেন্ট হয়, ওই দেশেরই নিয়ম চলে। তারা যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও চুক্তির সময় এমন শর্ত থাকে। বিসিবির ক্ষমতা থাকে যে কোনো সময় যেকোনো নিয়ম পরিবর্তন করার। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না, এমনকি বিসিবিরও না, আইসিসিরও না।
মুস্তাফিজকে ঘিরে এই পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের নানা মন্তব্যের পর সাকিবের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে।
সূত্র: বিডিক্রিকটাইম
আরটিভি/এসকে