বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০৬:০০ পিএম
ক্রিকেটারদের আলটিমেটামের মুখে অবশেষে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সম্প্রতি একের পর এক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দেন এম নাজমুল ইসলাম। বিশেষ করে ক্রিকেটারদের আয়ের উৎস ও ক্রিকেটে তাদের ভূমিকা নিয়ে দেওয়া তার বক্তব্য দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
এই প্রেক্ষাপটে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, জাতীয় দলের ক্রিকেটাররা এবং বিভিন্ন অধিনায়ক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি তার পদত্যাগের দাবিও জোরালোভাবে ওঠে। শেষ পর্যন্ত ক্রিকেটারদের চাপের মুখে বিসিবি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
এর আগে, বিভ্রান্তিকর মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিসিবির শীর্ষ একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালকের পদ থেকে সরে না যাওয়ার নানা কৌশল অবলম্বন করায় তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। বর্তমানে ক্রিকেটারদের অধিকার সংরক্ষণে কাজ করা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সংবাদ সম্মেলন করে, যেখানে এ নিয়ে তীব্র আলোচনা হয়।
ফাইন্যান্স কমিটি থেকে নাজমুলকে সরানোর এই সিদ্ধান্তকে বিসিবির শীর্ষ পর্যায়ের একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। যা বোর্ডের শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হলো।
আরটিভি/এসকে