বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০৭:০১ পিএম
দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করাকে দুঃখজনক ও দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার ওই বক্তব্যের প্রতিবাদে পদত্যাগের দাবি জানিয়ে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন ক্রিকেটাররা। এর ফলে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনে মাঠে খেলা পর্যন্ত গড়ায়নি।
এই পরিস্থিতিতে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একজন মোস্তাফিজকে অপমান করা হয়েছে বলে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে। অথচ এখানে বিসিবির একটি দায়িত্বশীল পদে থেকে পুরো ক্রিকেটকে অপমানজনক মন্তব্য করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীনতা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয়, আশা করি তারা যথাযথ ব্যবস্থা নেবে।
গত কয়েক দিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তাল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শুরু হওয়া বিতর্ক আরও ঘনীভূত হয় এম নাজমুল ইসলামের মন্তব্যের মাধ্যমে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দেশের ক্রিকেটারদের নিয়ে তির্যক মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এর আগে, রাজধানীর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াব জানায়, তারা তাদের অবস্থানে অনড় থাকবে। তবে এম নাজমুল ইসলাম পদত্যাগ করলে খেলায় ফেরার বিষয়ে প্রস্তুত রয়েছে ক্রিকেটাররা।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ন্যস্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রিকেটারদের স্বার্থ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার আওতাভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে ক্রিকেটারদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরটিভি/এসকে