images

খেলা / ক্রিকেট

আসিফ-মাহেদীর দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও টেবিল টপার

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০৫:২৮ পিএম

চলমান বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়ে আবারও টেবিল টপার চট্টগ্রাম। এতে দ্বিতীয় স্থানে নেমে গেছে রাজশাহী।

শুক্রবার (১৬ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী। জবার দিতে নেমে ১৭ বল এবং ৫ উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় চট্টগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ইনিংসের চতুর্থ বলে ডাক আউট হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৫ বলে ৭ রান করে পরের ওভারে কাটা পড়েন মোহাম্মদ হারিস। এরপর মাহফিজুল ইসলাম ডাক ও নাঈম শেখ ৭ বলে ১৮ রান করে আউট হলে মাত্র ২৯ রাতে ৪ উইকেট হারায় চট্টগ্রাম।

আরও পড়ুন
LIopy_20260109_200339173

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার স্টার্ক

এদিন ইনিংস বড় করতে পারেননি হাসান নাওয়াজও। ১৪ বলে ১১ রান করেন এই পাকিস্তানি ব্যাটার। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শেখ মাহেদী ও আফিস আলী। শেষ পর্যন্ত আফিসের ৩০ বলের ৩৬ রান এবং মাহেদীর ৩৬ বলে অপরাজিত ৪৯ রানে ভর করে  ১৭ বল এবং ৫ উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় চট্টগ্রাম।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার এবং হাসান ইসাখিলের ব্যাটে ওপেনিং জুটিতে ৩৪ রান তোলে নোয়াখালী। ৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য। পাওয়ার-প্লের একদম শেষ বলে গিয়ে আউট হয়েছেন হাসান ইসাখিল। ২০ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি। 

পাওয়ার-প্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৯ রান তোলে নোয়াখালী। দুই ওপেনারকে হারিয়ে যেন মুখ থুবড়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। তিনে নামা জাকের আলী অনিক কিছু বাউন্ডারি বের করেছেন। চালিয়ে গেছেন লড়াই। তবে আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। 

১১ বলে ১২ রান করা অধিনায়ক হায়দার আলী থামেন ৭৮ রানে। ২২ বলে ২৩ রান করেছেন জাকের, থেমেছেন দলের ৮৬ রানের মাথাতে। হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়াররাও সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১১ রান করে বিদায় নেন সোহান। মুনিম করেছেন ১ বলে ১ রান। 

শেষ দিকে টপাটপ উইকেট হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। চলে গেছে খাদের কিনারায়। লড়াই চালিয়ে ১৯ বলে ২২ রান করেন সাব্বির হোসেন। ১২৬ রানে থেমেছে নোয়াখালী এক্সপ্রেস। 

চট্টগ্রামের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া ৩ উইকেট তোলেন শেখ মেহেদী হাসান। ১ উইকেট শিকার করেন আমের জামাল।

আরটিভি/এসআর