সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৯ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে ম্যাচটি রাত ৭টায় শুরুর কথা ছিল।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রচার সুবিধা, দর্শকদের স্বাচ্ছন্দ্য এবং ম্যাচ-পরবর্তী কার্যক্রমের কথা বিবেচনা করেই ফাইনালের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে বিপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়া চার দলের নামও নিশ্চিত হয়েছে। দলগুলো হলো, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।
সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে খেলবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এরপর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর-২।
প্লে-অফ কাঠামো অনুযায়ী, কোয়ালিফায়ার-১-এর বিজয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর এলিমিনেটর-২-এর জয়ী দল হবে ফাইনালের দ্বিতীয় প্রতিযোগী।
গ্রুপ পর্ব শেষে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল রাজশাহী ওয়ারিয়র্স। ১২ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে ওঠে সিলেট টাইটানস।
আরটিভি/এসকে