images

খেলা / ফুটবল

বাংলাদেশ অপরিবর্তিত, র‌্যাঙ্কিংয়ে সেনেগাল-মরক্কোর ইতিহাস

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৮:৪১ এএম

ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৮০তম স্থানেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৫ সালের নভেম্বরের পর ফিফার কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় দলগুলোর অবস্থান অনেকটাই অপরিবর্তিত রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে গত ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে দীর্ঘ ২২ বছর পর বড় সাফল্য পায় বাংলাদেশ পুরুষ ফুটবল দল। ওই জয়ের সুবাদে নয় বছরের মধ্যে সেরা র‍্যাঙ্কিং ১৮০তম স্থানে উঠে আসে হামজা-জামালরা। ডিসেম্বরে যেমন অবস্থান অপরিবর্তিত ছিল, সোমবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও তেমনই রয়েছে।

ফিফা উইন্ডো না থাকায় শীর্ষ দলগুলোর অবস্থানেও পরিবর্তন আসেনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পর্তুগাল ও নেদারল্যান্ডসও আগের মতোই ছয় ও সাত নম্বরে অবস্থান করছে।

তবে অষ্টম স্থান থেকে শুরু করে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার প্রধান কারণ সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন)। মহাদেশীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফাইনালে নাটকীয় ম্যাচে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কোকে। এই সাফল্যের প্রভাব পড়েছে উভয় দলের র‍্যাঙ্কিংয়ে।

মরক্কো তিন ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালের এপ্রিলে তারা সর্বোচ্চ দশম স্থানে উঠেছিল। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে নজর কাড়ার পর এবারই প্রথম এক অঙ্কের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল উত্তর আফ্রিকার দলটি।

অন্যদিকে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী সেনেগাল সাত ধাপ উন্নতি করে উঠে এসেছে ১২তম স্থানে। এটিও দেশটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে সেনেগালের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১৭তম।

আরও পড়ুন
BPL_20251025_192155426

বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মরক্কোর উন্নতির ফলে এক ধাপ করে পিছিয়েছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া তারা নেমে গেছে যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে।

আফকনের প্রভাবে সবচেয়ে বড় লাফ দিয়েছে নাইজেরিয়া ও ক্যামেরুন। ব্রোঞ্জজয়ী নাইজেরিয়া উঠে এসেছে ২৬তম স্থানে এবং ক্যামেরুন ৪৫তম দুই দলই ১২ ধাপ করে এগিয়েছে। এ ছাড়া আলজেরিয়া ছয় ধাপ এগিয়ে ২৮তম, মিশর চার ধাপ এগিয়ে ৩১তম এবং আইভরিকোস্ট পাঁচ ধাপ এগিয়ে অবস্থান করছে ৩৭তম স্থানে।

আরটিভি/এসকে