বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ১২:২০ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দেড় বছর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও বিদায় নিলেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় মালিক লেখেন, “পাকিস্তান সুপার লিগের ১০ বছরজুড়ে মাঠে ও মাঠের বাইরে গড়ে ওঠা প্রতিটি ছোট মুহূর্ত ও বন্ধুত্বের স্মৃতি আমি লালন করি। এবার বিদায় বলার সময় হয়েছে।” তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ভিন্ন কোনো ভূমিকায় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন। মালিক আরও লেখেন, “ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আমার আবেগ ও প্রেরণা সবসময় থাকবে। ধন্যবাদ পিএসএল।”
পিএসএলের দশ আসরে করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—এই চার দলের হয়ে খেলেছেন শোয়েব মালিক। টুর্নামেন্টটিতে মোট ৯৩ ম্যাচে তিনি করেন ২৩৫০ রান। ১৫টি হাফসেঞ্চুরির পাশাপাশি তার ব্যাটিং গড় ছিল ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। বল হাতে নেন ১৭ উইকেটও।
এমন সময়ে পিএসএলকে বিদায় জানালেন মালিক, যখন লিগটি প্রবেশ করছে নতুন এক যুগে। আসন্ন একাদশ আসর থেকে হায়দরাবাদ ও শিয়ালকোট—এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় দলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটে। একই সঙ্গে আলোচনায় এসেছে নতুন ‘ড্রাকশন’ (ড্রাফট + অকশন) পদ্ধতি, যেখানে পুরোনো দলগুলো কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে এবং নতুন দলগুলো নিলামের মাধ্যমে তারকা ক্রিকেটার দলে নিতে পারবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে শোয়েব মালিকের অধিনায়কত্বে একাধিকবার শিরোপা জিতেছে সিয়ালকোট স্ট্যালিয়ন্স। এবার তারাই পিএসএলে ফ্র্যাঞ্চাইজি নেওয়ায় মালিককে কোচিং কিংবা অন্য কোনো ভূমিকায় দেখার সম্ভাবনাও রয়েছে।
পিএসএলের একাদশ আসর শুরু হতে পারে আগামী ২৬ মার্চ থেকে, সম্ভাব্য ফাইনাল ৩ মে। সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল লাহোর কালান্দার্স।
আরটিভি/এসকে