বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৪:৪৩ পিএম
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হওয়া নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি শিয়ালকোট তাদের নাম ও লোগো উন্মোচন করেছে। বুধবার (২১ জানুয়ারি) শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, দলটির নাম হবে ‘শিয়ালকোট স্ট্যালিয়নজ’।
নিলামের পর থেকেই দলটির নাম নিয়ে জল্পনা চলছিল। চলতি বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত নিলামে ১৮৫ কোটি পাকিস্তানি রুপি (১.৮৫ বিলিয়ন রুপি) দিয়ে ওজেড ডেভেলপার্স পিএসএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কামিল খান লেখেন, আপনারা আন্দাজ করেছিলেন, অপেক্ষা করেছিলেন। এবার গর্বের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি শিয়ালকোট স্ট্যালিয়নজ।
পিএসএলের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগের যাত্রার অংশ হতে পারা তাদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর।
২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর। এবারের লিগে ভেন্যু তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফয়সালাবাদ, যার মাধ্যমে শহরটি আবারও বড় ক্রিকেটের আলোয় ফিরছে এবং লিগের জাতীয় পরিসর আরও বিস্তৃত হচ্ছে।
নতুন ফ্র্যাঞ্চাইজিটির নামকরণ করা হয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সাবেক শক্তিশালী দল শিয়ালকোট স্ট্যালিয়নস-এর নামানুসারে। ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে দলটি ছয়বার ন্যাশনাল টি–টোয়েন্টি কাপ জিতে নেয়। পাশাপাশি টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ে তারা পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল।
এদিকে, এই ঘোষণা এসেছে পিসিবি পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো প্লেয়ার অকশন পদ্ধতি চালুর বিষয়টি নিশ্চিত করার কয়েক দিন পরই। নতুন নিয়মে বিদ্যমান প্লেয়ার ড্রাফট সিস্টেম বাতিল করা হয়েছে। এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, প্রতি ক্যাটাগরিতে একজন করে। আগে যেখানে আটজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল, সেখানে মেন্টর, ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও ‘রাইট টু ম্যাচ’ অপশন মিলিয়ে নবম খেলোয়াড় রাখার সুবিধাও ছিল।
আরটিভি/এসকে