শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০১:০৬ পিএম
আর মাত্র কয়েক ঘণ্টা পর বিপিএলের ফাইনালে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এর আগে উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। এখানে বিশেষ চমক দেখাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনাল ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
এ ছাড়া জানা গেছে, এবারের ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো।
নানা নাটকীয়তার পর বিপিএলের ফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টটির ১২তম আসরের শিরোপা কার হাতে উঠবে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
এই ম্যাচে নিজেদের সেরা দিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে চায় চট্টগ্রাম। অন্যদিকে দ্বিতীয় শিরোপার জন্য মুখিয়ে আছে রাজশাহী। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল।
আরটিভি/এসআর