images

খেলা / ক্রিকেট

আইসিসির কমিটিতে বিসিবির আপিল বাতিল, জয় শাহ'র কঠোর পদক্ষেপের ইঙ্গিত

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৯:৪১ পিএম

আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটি (ডিআরসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আপিল গ্রহণ না করায় বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে। ভারত থেকে ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ বর্জনের ঘোষণায় অনড় থাকায় বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলছে।

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে বাংলাদেশকে সরে আসতে গত বুধবার আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে পরাজিত হয়। এরপর নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় ভারত থেকে ভেন্যু না সরালে তারা বিশ্বকাপ বর্জন করবে।

গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির ডিআরসির কাছে আপিল করেছিল। তবে ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে গৃহীত আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি করার এখতিয়ার নেই কমিটির। ফলে বিসিবির আপিল শুনানিতে যাচ্ছে না।

পিটিআই-কে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডিআরসি থেকে নেতিবাচক সিদ্ধান্ত এলে বিসিবির সামনে একমাত্র পথ খোলা থাকবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার।

এদিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাই পৌঁছেছেন বলে জানা গেছে। সেখানে তিনি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বিসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে আইসিসি এমনটাই জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

আরও পড়ুন
BD-U19

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পিটিআই-কে জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর আগেই সংবাদ সম্মেলন করায় অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও, এই বিষয়ে সংবাদ সম্মেলন করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন ওই সূত্র।

আরটিভি/এসকে