images

খেলা / ক্রিকেট

বিপিএলে সেরা ব্যাটার ও বোলার কে?

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ১০:০৫ পিএম

শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আরেকটি জমজমাট আসর। শুক্রবার(২৩ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের দিন থেকেই শক্তিশালী দল গড়ে আলোচনায় থাকা রাজশাহী দলগত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগত সেরা ব্যাটার ও বোলারের তালিকায় তাদের কেউ শীর্ষে থাকতে পারেননি।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান করে সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন সিলেট টাইটান্সের ওপেনার পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে তিনি করেছেন ৩৯৫ রান। তার সর্বোচ্চ ইনিংস ৬৫ রান এবং আসরে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।

রান তালিকার দ্বিতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে ৩৮২ রান করেছেন তিনি। নোয়াখালীর বিপক্ষে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়, যা ছিল এবারের আসরের সেরা ব্যক্তিগত ইনিংস। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ব্যাটার। তানজিদ হাসান তামিম ১৩ ম্যাচে ৩৫৬ রান করে তৃতীয় এবং নাজমুল হোসেন শান্ত ১৩ ম্যাচে ৩৫৫ রান করে চতুর্থ স্থানে আছেন। দুজনই একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। শান্তের সর্বোচ্চ ইনিংস ১০১ রান এবং তানজিদের ১০০ রান। রংপুরের ডেভিড মালান ৯ ম্যাচে ৩০০ রান করে পঞ্চম সেরা ব্যাটার হন, তার তিনটি ফিফটি রয়েছে।

বোলিংয়ে এবারের বিপিএলে ইতিহাস গড়েছেন চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। এতে করে গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ভেঙেছেন এই পেসার।

সিলেট টাইটান্সের নাসুম আহমেদ ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার। তার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মন্ডল ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

নোয়াখালীর হাসান মাহমুদ ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চতুর্থ সেরা বোলার হন। একই সংখ্যক উইকেট নেন রাজশাহীর বিনুরা ফার্নান্ডো ও রংপুরের মুস্তাফিজুর রহমান। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন চট্টগ্রামের মেহেদী হাসান ও আমির জামাল।

এবারের আসরে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। মোট চারটি সেঞ্চুরি হয়েছে হাসান ইসাখিল, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন দাস ও রাজশাহীর তানজিদ।

আরও পড়ুন
SHARIFUL

শান্তকে ফিরিয়ে বিপিএলে ইতিহাস গড়লেন শরিফুল

দলীয় সংগ্রহের দিক থেকে এবার কেউ দুইশ রান স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৯৮ রান, যা চট্টগ্রাম রয়্যালস করেছিল সিলেট টাইটান্সের বিপক্ষে।

আরটিভি/এসকে