images

খেলা / ক্রিকেট

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০২:১১ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এই আসরে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহার এবং এর ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসর থেকে একটি মূল্যবান ক্রিকেটিং দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক।

আরও পড়ুন
Lcopy

বিসিবিতে নিজের পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল

তিনি আরও বলেন, বিভাজন বা বর্জনকে জায়গা না দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই—সংস্থা, বিভিন্ন লিগ ও খেলোয়াড়সহ সব অংশীজনের সঙ্গে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করতে, বিভক্ত নয়।

রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে গতকাল ২০ দলের আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। 

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশও তার সিদ্ধান্তে অটল।

আরটিভি/এসআর