images

খেলা / ক্রিকেট

‘পাকিস্তান বয়কট করলে আহমেদাবাদে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত’

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০৫:২০ পিএম

বাংলাদেশের পাশে দাঁড়াতে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পরামর্শ জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তান না খেললে বিশ্বকাপের মান নিচে নেমে যাবে। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ হবে উগান্ডা।

শনিবার (২৪ জানুয়ারি) ‘কট বিহাইন্ড’ নামের ইউটিউব চ্যানেলে এই কথা বলেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

তিনি বলেন, যদি পাকিস্তান না যায়, তবে সবকিছু ওলট-পালট হয়ে যাবে। এটি আর বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না। ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান নষ্ট হয়ে যাবে। বিশ্বকাপ শেষ হয়ে যাবে।

এ ছাড়াও নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টেও বিষয়টি নিয়ে লিখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি লিখেছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের পরিবর্তে উগান্ডা খেলবে এবং ভারত বনাম উগান্ডার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা ১,৩২,০০০।

আরও পড়ুন
sakib_20260125_052456282

দেশে ফেরা ও বিসিবির সিদ্ধান্ত নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না জানানোর পর আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিংধারী (১৪) হওয়ায় স্কটিশদের বাছাই করার কথা জানিয়েছে আইসিসি।

এ দিকে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে থাকা ভারত-পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা। গত বছর ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার পর আইসিসি টুর্নামেন্ট নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়, সেটির প্রেক্ষিতে পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।

আরটিভি/এসআর