সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০২:৩০ পিএম
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকা শহরে একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার স্থানীয় সময় ম্যাচ চলাকালেই এই হামলার ঘটনা ঘটে।
এক বিবৃতিতে সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানান, একটি ফুটবল ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
মেয়র সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সাম্প্রতিক সময়ে ‘অপরাধের ঢেউ’ লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। এটি দুর্ভাগ্যজনক, তবে তারা কখনও সফল হবে না।
গুয়ানাজুয়াতো প্রদেশের স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হলো গুয়ানাজুয়াতো, যেখানে হত্যাকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি। প্রদেশটিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সান্তা রোসা ডি লিমা ও জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল এই দুটি শক্তিশালী অপরাধী গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সহিংস সংঘাত চলছে।
তবে সামগ্রিকভাবে মেক্সিকোতে হত্যার হার কিছুটা কমেছে। সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৭ দশমিক ৫ জন হত্যার শিকার হয়েছেন, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন।
সূত্র : এপি
আরটিভি/এসকে