মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:২৩ পিএম
শেষ মুহূর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পাওয়া স্কটল্যান্ডের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের কয়েকজন খেলোয়াড়ের ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপ যাত্রায় বাধার মুখে পড়েছে ইউরোপীয় দলটি। বিশেষ করে ফাস্ট বোলার সাফিয়ান শরিফের ভিসা বিষয়টি নিয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে অনেক পেশাদার ক্রীড়াবিদের জন্য। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে এই প্রক্রিয়ায়। ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্ম নেওয়া সাফিয়ান শরিফের বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ–পাকিস্তানি হওয়ায় ভিসা জটিলতার মুখে পড়তে হয়েছে তাকে। সাত বছর বয়সে স্কটল্যান্ডে পাড়ি জমানো এই ডানহাতি পেসার স্কটল্যান্ডের হয়ে ৯০ ওয়ানডে ও ৭৫ টি–টোয়েন্টিতে মোট ১৯৮ উইকেট শিকার করেছেন।
গতকাল (সোমবার) ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, আমরা ভিসা কার্যক্রম সম্পন্ন করার জন্য আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তিনি জানান, ভিসা প্রক্রিয়া সবসময়ই অনিশ্চিত থাকেসময় কম বা বেশি হলেও এতে তেমন পার্থক্য হয় না।
লিন্ডব্লেড আরও বলেন, গত ৪৮ ঘণ্টায় আমাদের পুরো মনোযোগ ছিল ভিসা প্রক্রিয়ার ওপর। সব খেলোয়াড়ই বর্তমানে ভিসা জমা দেওয়ার ধাপে আছে এবং আমরা যত দ্রুত সম্ভব ভারতে পৌঁছাতে চাই। এটি এখন কেবল সময়ের ব্যাপার।
তিনি জানান, আইসিসি তাদের নিয়ন্ত্রণাধীন বিষয়গুলোতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে এবং বিসিসিআই ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আরও ১৯টি দলের সহায়তায় আইসিসির একটি দল কাজ করছে। তবে এই মুহূর্তে আমাদের দলই তাদের বিশেষ মনোযোগের কেন্দ্রে রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও ইহসান আদিলের ভারতীয় ভিসা না পাওয়ার খবর আলোচনায় আসে। যদিও পরে নিশ্চিত করা হয়, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়নি শুধু প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে।
আরটিভি/এসকে