images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল বিষয়ে বিসিবির বক্তব্য

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:২৫ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। মূলত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতীয় মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এই বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। পরে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এরপর সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার জন্য দেওয়া অ্যাক্রেডিটেশন বাতিল করে। এই সিদ্ধান্তের কারণ জানতে বিসিবি আইসিসিকে মেইল করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, গতকালই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা কারণ জানতে চেয়েছি, যদিও এটি একটি গোপনীয় বিষয়। আমাদের গণমাধ্যমকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অংশগ্রহণ নয়, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ না থাকলেও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। তেমনি ফিফা বিশ্বকাপেও বাংলাদেশ দল না থাকলেও আমাদের সাংবাদিকরা নিয়মিত কাভার করেছেন। পূর্ণ সদস্য দেশ হিসেবে আমাদের সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করার সুযোগ পাওয়াই উচিত ছিল।

আরও পড়ুন
ICC

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল নিয়ে মুখ খুলল আইসিসি

তিনি আরও যোগ করেন, আমাদের নিরাপত্তা ইস্যুতে নির্দিষ্ট ভেন্যুতে খেলার শর্ত ছিল, পুরো বিশ্বকাপ না খেলার নয়। বিকল্প ভেন্যু পরিবর্তনের দাবি পূরণ না হওয়ায় আমরা বিশ্বকাপ থেকে সরে এসেছি। অ্যাক্রেডিটেশন বাতিলের বিষয়টি অন্য কোনো কারণের সাথে মেলানো উচিত নয়।

বিসিবির পক্ষ থেকে মনে করা হচ্ছে, বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের বিশ্বকাপ কাভার করার সুযোগ দেয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার দেশ হলেও তারা কাভার থেকে বঞ্চিত হয়েছে।

আরটিভি/এসকে