বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:২১ পিএম
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তেজনা চরমে। লিগপর্বের শেষ রাউন্ডে ৩৬টি দলেরই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে শেষ ষোলোতে উঠার বড় সুযোগ নিশ্চিত হবে। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়েই টটেনহ্যাম হটস্পারের দুই ফরাসি তারকা র্যান্ডাল কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্ট গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের ব্যস্ততম সড়কে, যেখানে মুয়ানি ও ওডোবার্টের গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। মুয়ানি গাড়ির সামনে থাকায় তার গাড়ি অক্ষত থাকলেও, ওডোবার্টের কালো ফেরারি গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে দুজনেই এই দুর্ঘটনায় কোনো ধরনের শারীরিক আঘাত পাননি বলে নিশ্চিত করেছে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ।
টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, দুর্ভাগ্যবশত তারা ছোট একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে, কিন্তু সবাই নিরাপদ আছে। মেডিক্যাল স্টাফরা তাদের চেকআপ করেছে এবং কোনো উদ্বেগের কারণ নেই।
টটেনহ্যামের সামনে আজ জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। মুয়ানি অল্পদিন আগেই বড় ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন, তাই তার ফিটনেস টটেনহ্যামের জন্য বড় বিষয়। এই দুর্ঘটনার পরেও তিনি এবং ওডোবার্ট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সাত রাউন্ড শেষে টটেনহ্যাম ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আর বাকী আট দলের মধ্যে পিএসজি থেকে আটালান্টা পর্যন্ত সবাই ১৩ পয়েন্ট সমান করেছে। আগামীকাল ম্যাচের ফলাফল টেবিলে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনার মধ্যেও টটেনহ্যাম তারকারা সুস্থ থাকার খবর পেয়ে ক্লাব ও সমর্থকদের চিন্তা কিছুটা কমেছে। আজকের ম্যাচে তাদের পারফরম্যান্সে এটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী সবাই।
আরটিভি/এসকে