images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ ইস্যুর মাঝেই নতুন করে বিতর্কে জড়াল আইসিসি

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৪:২৭ পিএম

বাংলাদেশ ইস্যুতে উত্তাল বিশ্ব ক্রিকেটের রাজনীতি, এর মধ্যেই নতুন করে বিতর্কে জড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের (নেম, ইমেজ অ্যান্ড লাইকলিনেস এনআইএল) শর্ত নিয়ে আইসিসির সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, ডব্লিউসিএ অভিযোগ করেছে আইসিসি খেলোয়াড়দের কাছে যে নতুন ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত ও সম্মত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং নতুন এই শর্তগুলোকে খেলোয়াড়দের জন্য আরও ‘শোষণমূলক’ বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

ডব্লিউসিএ ইতোমধ্যেই তাদের উদ্বেগের কথা লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের ক্ষেত্রে তা কার্যকর নয়।

আইসিসির এই বক্তব্যের পাল্টা যুক্তিতে ডব্লিউসিএ বলছে, ২০২৪ সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই এই চুক্তি প্রযোজ্য হবে, তারা বিশ্বকাপে অংশ নিক বা না-নিক। সে কারণে সব খেলোয়াড়ই ওই চুক্তির সুরক্ষা পাওয়ার অধিকার রাখে বলে মনে করে সংগঠনটি।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট জানান, আইসিসির পাঠানো নতুন শর্তাবলির সঙ্গে পূর্বে সম্মত চুক্তির বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের জৈবিক তথ্য, লাইসেন্সিং, নাম–ছবি–পরিচিতির ব্যবহার (এনআইএল), খেলোয়াড় চুক্তি এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ধারাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মফাটের ভাষায়, নতুন শর্তাবলি খেলোয়াড়দের ছবি ও বাণিজ্যিক ব্যবহারের অধিকারসহ পূর্বে থাকা গুরুত্বপূর্ণ সুরক্ষাগুলো মারাত্মকভাবে খর্ব করছে।

তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের ভিন্ন ও কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে, যেখানে একই পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলো তুলনামূলক ভালো শর্ত পাচ্ছে। অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টে অংশগ্রহণই আয়ের প্রধান উৎস এবং ক্যারিয়ার গড়ার বড় সুযোগ।

ডব্লিউসিএ জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন ও আইসিসি ইভেন্টের সম্প্রসারণের বিরোধিতা করে না। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করা উচিত। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা ইতোমধ্যে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন এবং তারা আশা করছে বিশ্বকাপে আইসিসি সেই শর্তগুলোই কার্যকর করবে।

আরটিভি/এসকে