শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৬:৩৩ পিএম
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের স্মরণীয় ৫০ ম্যাচের টিকিট নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ জায়গা করে নিয়েছে ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে।
বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক প্রকাশনা ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রকাশিত এই বইটি সোমবার আনুষ্ঠানিকভাবে এমসিসি লাইব্রেরিতে হস্তান্তর করা হয়। পাইকারের পক্ষে বইটি তুলে দেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বিসিএসএ ইউকের সভাপতি আব্দুস সালাম। বইটি গ্রহণ করেন এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিস।
‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ গ্রন্থে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো মূল ম্যাচ টিকিটের মাধ্যমে চাক্ষুষ ও আর্কাইভভিত্তিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে অ্যালান রিস বলেন, অত্যন্ত যত্নসহকারে তৈরি করা এই বইটি আমাদের লর্ডসের টিকিট সংগ্রহকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উপস্থিতি আরও দৃঢ় হলো। ম্যাচ টিকিটের চাক্ষুষ ইতিহাস পাঠকদের মধ্যে সবসময়ই কৌতূহল সৃষ্টি করে, আর এই বইটি সে আগ্রহ আরও বাড়াবে।
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে নিজের কাজের স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত জুনায়েদ পাইকার বলেন, মেমোরেবল ম্যাচ টিকিটস লর্ডসে জায়গা পাওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের ও আবেগের। এই টিকিটগুলো শুধু কাগজ নয় এগুলো ইতিহাসের জীবন্ত সাক্ষী।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বছরের ১০ নভেম্বর বইটির যাত্রা শুরু হয়। এতে ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট অভিষেক থেকে শুরু করে পরবর্তী আড়াই দশকের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিটে ফুটে উঠেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আবেগ, স্মৃতি ও গৌরব।
উল্লেখ্য, এমসিসি লাইব্রেরিতে বর্তমানে ২০ হাজারেরও বেশি ক্রিকেটবিষয়ক বই সংরক্ষিত রয়েছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে গত ৯ ও ১০ নভেম্বর আয়োজিত ক্রিকেট কনফারেন্সেও ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ বইটি প্রকাশ করা হয়। দুই মলাটের এই স্মারক গ্রন্থটির মূল্য ৮০০ টাকা।
আরটিভি/এসকে