images

খেলা / ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার নতুন বিশ্ব রেকর্ড

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:২৪ পিএম

অফফর্মে থাকা সাঞ্জু স্যামসন আবারও হতাশ করলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচে মাত্র ৬ রান করে আউট হন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, ফলে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার থিরুভানান্থাপুরামে সিরিজের শেষ ম্যাচে স্যামসন ব্যর্থ হলেও ব্যাট হাতে ঝড় তোলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। তাদের বিধ্বংসী ব্যাটিংয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত।

এই ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ইশান কিষাণ। ৪৩ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় তিনি করেন ১০৩ রান। অন্যদিকে সূর্যকুমার যাদব ৩০ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় তুলে নেন ৬৩ রান। তৃতীয় উইকেটে মাত্র ১০ ওভারের কিছু বেশি সময়ে ১৩৭ রানের ঝড়ো জুটি গড়েন এই দুই ব্যাটার।

ভারতের ইনিংসে আসে মোট ২৩টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩টি ছক্কা হাঁকিয়েছিল।

আরও পড়ুন
BCB

বাংলাদেশে আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট, অধিনায়ক ও কোচের তালিকা প্রকাশ

পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত মোট ৬৯টি ছক্কা মারে, যা কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এক দলের সর্বোচ্চ। এর মাধ্যমে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের করা ৬৪ ছক্কার আগের রেকর্ড ভেঙে দেয় ভারত।

ব্যাটিং তাণ্ডবের ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই তালিকার শীর্ষে রয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের করা ৩০৪ রান।

আরটিভি/এসকে