রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৮ এএম
চ্যাম্পিয়নস লিগের পর লা লিগাতেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ ম্যাচে এলচেকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল কাতালানরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এলচেকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এদিকে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান আলভারো রদ্রিগেস। এরপর ফেররান তরেস ও মার্কাস র্যাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ষষ্ট মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ইয়ামাল। ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে বাইরে মারেন ওলমো। ২৮তম মিনিটে তার শট লাগে ক্রসবারে।
পরের মিনিটে সমতায় ফেরে এলচে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আলভারো রদ্রিগেস। ৪০তম মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা।
তরেসের পাস বক্সে পেয়ে আগুয়ান গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে পায়ের কারিকুরিতে দুইবার ডজ দেন ফ্রেংকি ডি ইয়ং। এরপর ডাচ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে জোরাল শটে জাল খুঁজে নেন তরেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার জায়গায় র্যাশফোর্ডকে নামান বার্সেলোনা কোচ। ৬২তম মিনিটে তরেস ও ওলমোর বদলি হিসেবে নামেন রবের্ত লেভানদোভস্কি ও মার্ক বের্নাল।
৭২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বার্সেলোনাকে জয়ের পথে এগিয়ে নেন র্যাশফোর্ড। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ইয়ামালের পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডার আটকে দেওয়ার পর, জোরাল শটে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।
২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে এলচে।
আরটিভি/এসআর