images

খেলা / ক্রিকেট

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৮ এএম

পাকিস্তান দল শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে, কিন্তু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পাকিস্তান সরকার টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। তবে ভারত ম্যাচে অংশ না নেওয়ার নির্দেশ পিসিবিকে দেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে ম্যাচ না খেলায় পাকিস্তান দলকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ, ওই ম্যাচের ২ পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে ভারতকে দেয়া হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ না খেলার ফলে নেট রানরেটের ওপর প্রভাব পড়বে, যা পাকিস্তানের জন্য নেতিবাচক প্রভাব ফেলে, কিন্তু ভারতের নেট রানরেটে কোনো প্রভাব পড়বে না।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ প্রায় এক দশক ধরে বন্ধ থাকায় আইসিসি নিয়মিত এই দুই দলের ম্যাচ গ্রুপ পর্বে রাখে, যা পাকিস্তানের জন্য লাভজনক। এবার ভারত ম্যাচ না খেলায় পাকিস্তান ওই সুবিধা থেকে বঞ্চিত হবে।

আরও পড়ুন
ICC

বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত, সতর্কবার্তা দিলো আইসিসি

পিসিবি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি, যদিও বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে আইসিসির নজরে এসেছে। আইসিসি পিসিবিকে সতর্ক করেছে, কারণ এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচিত অংশগ্রহণের মত অবস্থান বিশ্বব্যাপী ক্রীড়ার মূল উদ্দেশ্যের পরিপন্থী। এটি ক্রীড়ার ন্যায্যতা, ধারাবাহিকতা ও প্রতিযোগিতামূলক মানকে ক্ষুণ্ন করে। আইসিসি পাকিস্তানের জাতীয় নীতির প্রতি সম্মান জানালেও এই সিদ্ধান্ত সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য ক্ষতিকর।

আইসিসি আশা প্রকাশ করেছে, পিসিবি এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে ভবিষ্যতে দায়িত্বশীল পদক্ষেপ নেবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য ও সুবিধাভোগী।

আরটিভি/এসকে