বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৬ পিএম
কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতেকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বার্সেলোনা। আলবাসেতের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে কাতালানদের জয়ের নায়ক তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অষ্টম মিনিটেই দানি ওলমোর পাসে প্রথম সুযোগ পান মার্কাস রাশফোর্ড, তবে তার শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।
অবশেষে ৩৯তম মিনিটে চাপে ভেঙে পড়ে আলবাসেতের রক্ষণ। মাঝমাঠে বল কেড়ে নিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো পাসে এক টাচে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে এটি ছিল তার ১৪তম গোল।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে বার্সেলোনা। ৫৬তম মিনিটে রাশফোর্ডের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। এই অ্যাসিস্টের মাধ্যমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্ট দুটিতেই ডাবল ফিগারে পৌঁছান রাশফোর্ড।
ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা ফেরায় স্বাগতিক আলবাসেতে। ৮৭তম মিনিটে হোসে কার্লোস লাজোর ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জাভি মোরেনো। এরপর যোগ করা সময়ে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
শেষ মুহূর্তে প্রায় সমতায় ফিরেই যাচ্ছিল আলবাসেতে, তবে গোললাইনে অসাধারণ ক্লিয়ারেন্স দিয়ে দলকে রক্ষা করেন জেরার্ড মার্টিন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
এই হারের মাধ্যমে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের রূপকথার মতো যাত্রার ইতি ঘটে। আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে তারা বড় চমক দেখিয়েছিল। অন্যদিকে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে কোপা দেল রের শেষ চারে জায়গা করে নিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
আরটিভি/এসকে