images

খেলা / ক্রিকেট

অদম্য বাংলাদেশ টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিক কত

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২২ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় দেশের ক্রিকেটারদের ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখার লক্ষ্যেই নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের এই প্রতিযোগিতার নাম অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল, ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশকে নেতৃত্ব দিচ্ছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ বিসিবি খরচ করছে মোট ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

প্রতিটি ম্যাচে অংশগ্রহণের জন্য ক্রিকেটাররা পাচ্ছেন ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি। দল কোনো ম্যাচ জিতলে সেই ম্যাচের জন্য দলগতভাবে দেওয়া হবে আরও ১০ লাখ টাকা। প্রতি দলে ২০ জন করে ক্রিকেটার ও কোচিং স্টাফ থাকায় গড় হিসাবে এখান থেকে একজন ক্রিকেটার পাবেন অতিরিক্ত প্রায় ৫০ হাজার টাকা।

লিগ পর্বে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের দুটি ম্যাচ জিতলে ক্রিকেটাররা পাবেন প্রায় ২ লাখ টাকা। লিগ শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা, যেখানে গড় হিসাবে প্রত্যেক ক্রিকেটার পাবেন প্রায় ৫ লাখ টাকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের একজন ক্রিকেটার টুর্নামেন্ট থেকে ন্যূনতম ৭ লাখ টাকা আয় করতে পারবেন। রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা, যেখানে জনপ্রতি গড় আয় হবে ২ লাখ টাকা। ফলে রানার্সআপ দলের ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে অন্তত ৪ লাখ টাকা পাবেন।

ম্যাচ ফি ও প্রাইজমানির বাইরে থাকছে ব্যক্তিগত পুরস্কারও। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ৫ লাখ টাকা। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকছে ৩ লাখ টাকা করে পুরস্কার।

আরও পড়ুন
BARCELONA

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রে সেমিফাইনালে বার্সেলোনা

বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে লিটন দাসের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। পরদিন নাজমুল হোসেন শান্তের দুর্বার একাদশের বিপক্ষে খেলবে ধূমকেতু। লিগ পর্বের শেষ ম্যাচ ৭ ফেব্রুয়ারি, যেখানে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ।

সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন।

আরটিভি/এসকে