images

খেলা / ক্রিকেট

সিকান্দার রাজাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫১ পিএম

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে এক নম্বরে উঠে গেছেন। সিকান্দার রাজা দুই নম্বরে নেমে গেছেন। সাইমের রেটিং পয়েন্ট এখন ২৯০, যা রাজার থেকে মাত্র এক পয়েন্ট বেশি।

এই উন্নতি এসেছে অস্ট্রেলিয়া সিরিজে তার অসাধারণ পারফরম্যান্সের ফলে। তিন ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে ১১৯ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নিয়েছেন সাইম। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সেই সিরিজে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

বল হাতে সেরা পারফরম্যান্স দেখানো মোহাম্মদ নাওয়াজও এক ধাপ উন্নতি করেছেন। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি এখন বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করছেন। একই সিরিজে ৬ উইকেট পাওয়া আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন, শীর্ষে আছেন ভারতের বরুন চক্রবর্তী।

ইংল্যান্ডের আদিল রশিদও দুই ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন
TASKIN

অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন রায়ান রিকেলটন (৪২ ধাপ), ইশান কিশান (৩২ ধাপ), শিমরন হেটমায়ার (২২ ধাপ) এবং শেরফান রাদারফোর্ড (২৪ ধাপ)। ক্যামেরন গ্রিন, সালমান আলী ও সাইম আইয়ুবের স্থানেও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। এই র‌্যাঙ্কিং আপডেট টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটে চলমান প্রতিযোগিতার উত্তেজনা ও পারফরম্যান্সের স্পষ্ট প্রতিফলন।

আরটিভি/এসকে