images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিলো স্কটল্যান্ড

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৩ পিএম

ভাগ্যের ফেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। বাছাইপর্বে ইতালির কাছে হারের পাশাপাশি জার্সির মতো তুলনামূলক অপরিচিত দলের নিচে অবস্থান করায় শুরুতে বিশ্বকাপের টিকিট পায়নি তারা। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে বাদ দিলে সুযোগ পায় স্কটল্যান্ড।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই পড়েছে স্কটিশরা। শুরুর দিনে শনিবার (৭ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে স্কটল্যান্ড। সেই ম্যাচের আগেই আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন দলের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট। 

সাক্ষাৎকারে ওয়াট বলেন, আমরা সম্প্রতি দু’বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। তাই আবারও ওদের হারাতে না পারার কোনো কারণ দেখি না।

বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি খুব দ্রুত ঘটেছে। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পেয়েছি। আমরা জানতাম না এমনটা হবে। গত ১০ দিনের মধ্যেই সব কিছু বদলে গেছে। এই সুযোগ পেয়ে আমরা ভীষণ উচ্ছ্বসিত। ভারতে বিশ্বকাপ খেলা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা।

ভারতের কন্ডিশন নিয়েও প্রস্তুতি নেওয়ার কথা জানান ওয়াট। তিনি বলেন, অনেকদিন পর আমরা ভারতে খেলছি। এখানকার উইকেট স্পিন সহায়ক এটা আমরা জানি। রশিদ খান ও মোহাম্মদ নবির সঙ্গে কথা হয়েছে। কলকাতায় কীভাবে বোলিং করতে হয়, সে বিষয়ে ওদের কাছ থেকে পরামর্শ পেয়েছি।

তবে বাংলাদেশের প্রতি সহানুভূতির কথাও জানাতে ভোলেননি এই স্পিনার। বাংলাদেশের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদেরও বিশ্বকাপে থাকার যোগ্যতা ছিল। উপরের সারির দলকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, বলেন ওয়াট।

স্কটল্যান্ড ক্রিকেটের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। এখন স্কটল্যান্ডে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসছে, তরুণরা ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, আমাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা আগেও বেশ কয়েকটি অঘটন ঘটিয়েছি।

আরও পড়ুন
Web-Image

বাংলাদেশের বিপক্ষে সেই ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন নাইব

উল্লেখ্য, আইসিসির সহযোগী সদস্য হয়েও সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপগুলোতে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে স্কটল্যান্ড। ২০২৪ বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল। ২০২২ সালে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, আর ২০২১ সালে সুপার–১২ রাউন্ডে উঠেছিল স্কটিশরা।

আরটিভি/এসকে