শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৯ পিএম
কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক পেসার প্রমোদ মাদুশান। তথ্য নিশ্চিত করেছে জিও সুপার।
চলতি মাসের শুরুতেই মালিঙ্গার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কাঁধে গুরুতর চোট পান তিনি। বৃষ্টিবিরতির পর বল করতে এসে প্রথম ডেলিভারিতেই কাঁধে হাত চেপে ধরেন মালিঙ্গা এবং ফলো-থ্রু শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। ওই চোটের কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
ডানহাতি এই পেসার ২০২৫ আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে শ্রীলঙ্কার পেস আক্রমণে দ্রুত নিজের জায়গা করে নেন। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত আটটি ম্যাচে ৯.৪১ ইকোনমি রেটে আটটি উইকেট শিকার করেছেন মালিঙ্গা।
তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া প্রমোদ মাদুশানও আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ফাস্ট বোলার সর্বশেষ ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন। এই সংস্করণে তার ঝুলিতে রয়েছে ৮.৬৩ ইকোনমি রেটে ১২টি উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ বি-তে থাকা শ্রীলঙ্কা পর্বটিতে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চরিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মহীশ থিকশানা, দুষ্মন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।
আরটিভি/এসকে