images

খেলা / ক্রিকেট

ফাহিমের তাণ্ডবে বিশ্বকাপে শুভসূচনা পাকিস্তানের

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:১৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। এদিন সহজ লক্ষ্য পেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারায় তারা। এতে জয় বিশ্বকাপ শুরু করেছে ম্যান ইন গ্রিনরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাব দিতে ৩ বল এবং ৩ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব পাওয়ারপ্লেতেই ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসেন। সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রানের ক্যামিও খেলেন, আর ফারহান ছিলেন আরও সাবলীল, ৩১ বলে ৪৭ রান, সঙ্গে ৪ চার ও ২ ছক্কা।

আরও পড়ুন
LIopy

বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

১১.১ ওভারে ফারহান আউট হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৯৮, ম্যাচ তখন পুরো নিয়ন্ত্রণে। কিন্তু সেখানেই নাটকীয় মোড় নেয় ম্যাচ। উসমান খান শূন্য, বাবর আজম ১৫, শাদাব খান ৮ এবং মোহাম্মদ নওয়াজ ৬ রান করে আউট হন।

মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় ১১৪ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ডাচ বোলাররা ম্যাচে দারুণভাবে ফিরে আসেন। সংকটময় মুহূর্তে দায়িত্ব নেন ফাহিম আশরাফ। অলরাউন্ডার মাত্র ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন—২ চার ও ৩ ছক্কায় ম্যাচ ঘুরিয়ে দেন। 

তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.৬৩, যা ম্যাচের টার্নিং পয়েন্ট। অন্যপ্রান্তে শাহিন শাহ আফ্রিদি ৫ রানে অপরাজিত থেকে দারুণ সাপোর্ট দেন। ১৯.৩ ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান—রুদ্ধশ্বাস ৩ উইকেটের জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারে ২৮ রান তুলে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। কিন্তু ৫ বলে ৭ রান করে পরের ওভারেই সাজঘরে ফিরতে হয় ম্যাক্স ও’উডকে। ১৫ বলে ২৪ রান করেন আরেক ওপেনার লেভিট।

এতে পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে ডাচরা। এরপর ১৪ বলে ২০ রান করে ফেরেন কলিন অ্যাচারম্যান। দলের হাল ধরার চেষ্টা করেন ব্যাস ডে লেডে ও স্কট অ্যাডওয়ার্ডস। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারা।

২৫ বলে ৩০ রান করেন লেডে আর ২৯ বলে ৩৭ রান করে আউট হন ডাচ অধিনায়ক। এরপরই শুরু হয় উইকেট মিছিল। কেউ প্রতিরোধ গড়তে না পারায় ১ বল আগেই ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সালমান মির্জা। মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব নেন দুটি করে ‍এবং এক উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

আরটিভি/এসআর