শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৪ পিএম
শুরুটা একেবারেই মনমতো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে রীতিমতো ধীরগতির ছিল ক্যারিবিয়ানরা। তবে ইনিংসের শেষ ভাগে শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের শুরুতেই চার মেরে খাতা খোলেন ব্র্যান্ডন কিং। কভার দিয়ে ব্রেন্ডন ম্যাকমুলেনের বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি। সঙ্গে ছিলেন শাই হোপ। তবে দুজনের কেউই টি-টোয়েন্টি সুলভ আগ্রাসী ব্যাটিং করতে পারেননি। পাওয়ার প্লের শেষ দুই ওভারে আসে মাত্র ৬ রান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
সপ্তম ওভার থেকেই গতি বাড়াতে শুরু করেন কিং। ওই ওভারের প্রথম বলে ছক্কার পর টানা দুই চারে একাই তোলেন ১৭ রান। নবম ওভারে শাই হোপকে থামান লিস্ক। ২২ বলে মাত্র দুই চারে ১৯ রান করেন হোপ। পরের ওভারেই সাজঘরে ফেরেন কিং। ৩০ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন তিনি।
এরপর রানের গতি বাড়ান শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ১১ থেকে ১৩ এই তিন ওভারে তাদের ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও দুটি চার, মোট ৪৯ রান। ২২ বলে নিজের ফিফটি পূর্ণ করেন হেটমায়ার।
মাঝে কিছুটা থমকে গেলেও ১৭তম ওভারে তিনটি চার মেরে আবার ছন্দ ফেরান হেটমায়ার ও শেরফেন রাদারফোর্ড। শেষের আগের ওভারের শেষ বলে আউট হওয়ার আগে হেটমায়ার ৩৬ বলে দুটি চার ও ছয়টি ছক্কায় করেন ৬৪ রান।
শেষ ওভারের প্রথম বলেই থামে রাদারফোর্ডের ইনিংস। ১৩ বলে ২৬ রান করেন তিনি। তবে রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ ১৮০ পেরিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮২ রান নিয়ে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
আরটিভি/এসকে